Facebook Twitter Instagram YouTube

নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়কে মিলবে উন্নত যোগাযোগ সুবিধা


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ /
নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়কে মিলবে উন্নত যোগাযোগ সুবিধা

নারায়ণগঞ্জ সদরের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে একটি নতুন আরসিসি সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ এবং ১৫ ফুট প্রশস্ত এই সড়কটি ফতুল্লা পোস্ট অফিস থেকে শুরু হয়ে ভায়া উপজেলা সদর দপ্তর হয়ে হাজীগঞ্জ রোড পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার (২১ জুলাই) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আনুষ্ঠানিকভাবে এই নতুন সড়কটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং এলজিইডি নারায়ণগঞ্জ সদরের উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারা বজায় রাখতে এলজিইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা উল্লেখ করেন, নতুন এই আরসিসি সড়কটি স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করে তুলবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়ক।

সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাখার লক্ষ্যে জনগণের সচেতন অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ সময় নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধ রাখা, ট্রাফিক আইন মেনে চলা, সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ না করা এবং ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। এছাড়া, সরকারি অনুমতি ছাড়া সড়ক কেটে পানি, বিদ্যুৎ, গ্যাস বা অন্যান্য ইউটিলিটি সংযোগ স্থাপন না করার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh