
তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার রাতে তাদের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরই নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, যিনি গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক ও বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রীর তালিকায় রয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপালন করলেও তারা মন্ত্রিসভার সদস্য নন।
আজ নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে হবে ৫৪ জন। এই পরিবর্তনের ফলে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা দাঁড়াবে ২৮ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হবে ২৫ জন।
আপনার মতামত লিখুন :