
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনেই দেশে রেকর্ড ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় হিসেবে এসেছে। প্রতি ডলার ১২২.৭৫ টাকা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার মার্কিন ডলার। সে হিসেবে এবার প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ শতাংশ।
ব্যাংকভিত্তিক প্রবাসী আয়ের হিসাবে দেখা গেছে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার দেশে এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা মনে করছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং ডলারের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকার কারণে প্রবাসীরা এখন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছেন। এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :