
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) এবং দুই দেশের অন্যান্য যৌথ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চীন আশাবাদী। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘তুলনামূলক শাসনব্যবস্থা বিষয়ক ফোরাম-২০২৬’ শীর্ষক এক যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াও ওয়েন জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশ আগামী ৫০ বছরকে বাংলাদেশ-চীন সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দর আধুনিকায়ন এবং সিএমবিসি-এর মতো উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অনুষ্ঠানে বলেন, চীন বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু। তিনি উল্লেখ করেন যে, গত চার দশকে চীন বিশ্বের অন্যতম সফল উন্নয়ন অভিজ্ঞতা তৈরি করেছে, যেখানে তারা প্রায় ৮০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করেছে। হুমায়ুন কবির বলেন, চীনের এই উন্নয়ন অভিজ্ঞতা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, আগামী ৫০ বছরে অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক পররাষ্ট্রনীতির ভিত্তিতে সব দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জলবায়ু পরিবর্তনকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন। এছাড়া অবকাঠামো, বিমান যোগাযোগ এবং ডিজিটাল নেটওয়ার্কের মতো ক্ষেত্রগুলোতে চীনসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
উল্লেখ্য যে, বিআইআইএসএস এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইআরপিএ) যৌথভাবে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরামের আয়োজন করেছে। অনুষ্ঠানটিতে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :