Facebook Twitter Instagram YouTube

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ / ০ Views
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. হাসান কাউসার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। প্রধান অতিথি ড. বোরহান উদ্দিন খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা অর্জন করা জরুরি। তিনি শিক্ষার্থীদের ন্যায়বোধ, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা বজায় রেখে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি প্রফেসর ড. মো. হাসান কাউসার শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর পেশাগত ও ব্যক্তিগত বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এছাড়া গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ-আল-মাসুম নবীনদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর জোর দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক আব্দুর রব নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, আইন অনুষদের ডিন এ. বি. এম. ইমদাদুল হক খান এবং লাইফ সায়েন্স অনুষদের উপদেষ্টা প্রফেসর ড. ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy