Facebook Twitter Instagram YouTube

ম্যাডস্টারস ২০২৬-এ এসডিজি গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর টাইলচক


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ /
ম্যাডস্টারস ২০২৬-এ এসডিজি গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর টাইলচক

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে মর্যাদাপূর্ণ ‘ম্যাডস্টারস ২০২৬’ প্রতিযোগিতায় ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে ডিবিএল সিরামিকস-এর পরিবেশবান্ধব উদ্যোগ ‘টাইলচক’। গ্র্যান্ড প্রিক্সের পাশাপাশি উদ্ভাবনী এই প্রকল্পটি পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে আরও দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ জিতেছে।

‘টাইলচক’ মূলত সিরামিক পণ্য উৎপাদনের সময় তৈরি হওয়া শিল্পবর্জ্য বা কাদা প্রক্রিয়াজাত করে তৈরি করা ক্লাসরুমের লেখার চক। শিল্পকারখানার এই বর্জ্যকে সামাজিক ও শিক্ষাক্ষেত্রের সম্পদে রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি একটি স্থায়ী পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। ডিবিএল সিরামিকস জানিয়েছে, চক তৈরির এই পুরো পদ্ধতিটি তারা ‘ওপেন সোর্স’ বা উন্মুক্ত রেখেছে, যাতে অন্যান্য প্রতিষ্ঠানও টেকসই উৎপাদনে উদ্বুদ্ধ হতে পারে।

এই বৈশ্বিক অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে ডিবিএল সিরামিকস-এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, “ম্যাডস্টারস-এর এই স্বীকৃতি আমাদের জন্য একটি বড় মাইলফলক এবং পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়ার অনুপ্রেরণা। ইন্ডাস্ট্রির সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলে যে কার্যকর সমাধান সম্ভব, ‘টাইলচক’ তা প্রমাণ করেছে।”

উল্লেখ্য যে, ডিবিএল সিরামিকস ও পপ ফাইভ-এর যৌথ প্রচেষ্টায় তৈরি ‘টাইলচক’ এর আগেও অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স এবং স্পাইকস এশিয়ার মতো স্বনামধন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পুরস্কৃত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy