
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং এমএ ইন ইংলিশ সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। শুক্রবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সান্ধ্যকালীন প্রোগ্রামের ইইই বিভাগের ২৬তম ব্যাচ, সিএসই বিভাগের ২১তম ব্যাচ এবং এমএ ইন ইংলিশের ৩৭তম ও ৪০তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। এ উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি বড় কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আমিনুজ্জামান, ইইই বিভাগের প্রভাষক মো. দীন ইসলাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক মীর জারিন তাসনিম।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকরা তাদের একাডেমিক জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মজীবন গড়ে তোলার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত নিজেদের দক্ষতা হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সভাপতির বক্তব্যে ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরশাদুল হক চৌধুরী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :