Facebook Twitter Instagram YouTube

ফ্রান্সে জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ /
ফ্রান্সে জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার প্যারিসের একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে 'জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ফ্রাঙ্কো বাংলা' আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের তাৎপর্য ও ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট তানভীর আহমদ তোহা, যিনি জুলাই আন্দোলনের পটভূমি এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউরো বার্তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা জোর দিয়ে বলেন যে, জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে মানবাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন। নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সাংবাদিক, বুদ্ধিজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইউরো বার্তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের ওপর জোর দেন। এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রাবেয়া আক্তার সুবর্ণা উল্লেখ করেন যে, জুলাই আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও সংহতি প্রকাশ করেছেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মনোয়ার পাটোয়ারী, লেখক ও সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ, অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক খালিদ মাহমুদ, লেখক ও অ্যাক্টিভিস্ট কাজী হাবিব, বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সোহেল আহমেদ, অনুক্ত সংবাদের সম্পাদক আনুক্ত কামরুল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য ও সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ তানিম, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) সভাপতি এমডি নুর, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, বাংলাভিশনের প্রতিনিধি ইয়াসির আরাফাত খান খোকন, এনটিভির প্রতিনিধি আবুল কালাম মামুন, সাংবাদিক শাহ সাইফুল ইসলাম, আদাফের কর্ণধার ওয়াদুদ তানভীর, ফিদার পরিচালক সায়েম জামিল এবং গবেষক ও লেখক একরামুল কবির সালমানসহ আরও অনেকে। বৈঠকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব, শিক্ষার্থী, গবেষক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh