Facebook Twitter Instagram YouTube

উত্তরখানে সংঘর্ষ: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
উত্তরখানে সংঘর্ষ: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ

ঢাকার উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ডিএনসিসি দাবি করেছে, এসটিএসের (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। এর জেরে তারা পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালালে সিটি করপোরেশনের ১৪ জন কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ও বিষয়টি সমাধান করতে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় প্রশাসক ও সংসদ সদস্যের কেউ আঘাত পাননি বা আহত হননি।

বর্তমানে রাজাবাড়ি এসটিএস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din