Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির বিশেষ প্রস্তুতি ও আর্থিক অনুদান


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ / ০
দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির বিশেষ প্রস্তুতি ও আর্থিক অনুদান

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, সব নাগরিকের সমান সেবা ও অধিকার নিশ্চিত করার অংশ হিসেবে সিটি কর্পোরেশন এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

ডিএসসিসির গৃহীত পদক্ষেপের আওতায় প্রথমবার ১৬৮টি পূজা মণ্ডপকে মোট ১৯ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। মণ্ডপের আশপাশের ক্ষতিগ্রস্ত সড়ক আগামী দুই দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো নগরীতে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এছাড়াও জরুরি ভিত্তিতে মণ্ডপ সংলগ্ন ড্রেন ও নর্দমা পরিষ্কারের কাজ চলছে।

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসি মণ্ডপ সংলগ্ন এলাকার নষ্ট সড়কবাতি পরিবর্তন, ড্রেনেজ সমস্যা বা শৃঙ্খলার ঘাটতি সংক্রান্ত তথ্য জানানোর আহ্বান জানিয়েছে। পূজা শুরুর তিন দিন আগে নগর ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, নগর সংস্থার সেবায় সমতা বজায় রাখা তাদের অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, মসজিদের পাশাপাশি পূজামণ্ডপে সহায়তা এবং ইমামদের পাশাপাশি পুরোহিতদের ভাতার আওতায় আনার চর্চা ডিএসসিসিতে অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh