Facebook Twitter Instagram YouTube

বৃটেনে ভুল পথে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত ৭


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ /
বৃটেনে ভুল পথে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত ৭

বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি ভুল পথে মহাসড়কে উঠে পড়লে কর্তব্যরত ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা এবং ভক্সওয়াগন পাসাটটিতে থাকা পাঁচজন আরোহী—সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশের তদারকি সংস্থা জানিয়েছে, সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা গাড়িটিকে সন্দেহজনক মনে করে অনুসরণ করছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকারী দলের মধ্যে ছিল বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের চিকিৎসক এবং বিশেষ ঝুঁকি মোকাবিলাকারী দল। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেন।

নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। যাদের পরিচয় শনাক্ত হয়েছে, তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তাদের বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে। ক্লিভল্যান্ড পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া, দুর্ঘটনার পরিস্থিতি এবং এর আগের ঘটনাপ্রবাহ খতিয়ে দেখার জন্য স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি (IOPC) তদন্তে নেমেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin