Facebook Twitter Instagram YouTube

দেশজুড়ে ৬৪ জেলায় আয়োজিত হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ /
দেশজুড়ে ৬৪ জেলায় আয়োজিত হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

দেশের ফ্রিল্যান্সিং শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ফ্রিল্যান্সারদের জন্য একটি সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে এই সামিট অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর প্রতিনিধিদল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বাক্কোর পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফয়সল আলিম ও পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে অংশগ্রহণ করেন যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ) ড. মো. তৈয়বুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহবুব আলম।

সভায় জানানো হয়, জেলা পর্যায়ের এই সামিটগুলোর মাধ্যমে স্থানীয় ফ্রিল্যান্সার ও আগ্রহীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ, ক্যারিয়ার গঠন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সম্পর্কে ধারণা দেওয়া হবে। এছাড়া ফ্রিল্যান্সার আইডি কার্ড কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা পর্যায়ের আয়োজনের পাশাপাশি ঢাকায় একটি কেন্দ্রীয় ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়েছে। কেন্দ্রীয় এই সম্মেলনে নীতিগত আলোচনা, সেমিনার, বিশেষজ্ঞ প্যানেল, সরকারি-বেসরকারি অংশীজনদের মতবিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থান, ডিজিটাল পেমেন্ট এবং উদ্যোক্তা উন্নয়নসহ ফ্রিল্যান্সিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে।

বাক্কো জানিয়েছে, দেশের ফ্রিল্যান্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং আইটি এনাবলড সার্ভিস (আইটিইএস) খাতের টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din