Facebook Twitter Instagram YouTube

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ অভিনেত্রী কেইলি হটল


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ /
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ অভিনেত্রী কেইলি হটল

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘গডজিলা’ সিরিজের অভিনেত্রী কেইলি হটল এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড বিষয়টি নিশ্চিত করেছে।

কেইলির বাবা জোশুয়া হটল জানিয়েছেন, মঙ্গলবার ভোরে মেরিল্যান্ডে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে দেওয়া ২৩ মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি জানান, প্রথমে তিনি দুর্ঘটনার খবর পান এবং পরবর্তী সময়ে কর্তৃপক্ষ তাকে জানায় হাসপাতালে নেওয়ার পথে কেইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। তিনি টেক্সাস থেকে মেরিল্যান্ডে গিয়ে মেয়ের মরদেহ গ্রহণ করেন।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা কেইলি হটলকে গুরুতর আহত অবস্থায় একটি ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালকও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেইলি হটল জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তার বাবা আমেরিকান এবং মা কোরিয়ান। তিনি টেক্সাসের অস্টিনে অবস্থিত ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

২০২১ সালে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সেস কং’-এর মাধ্যমে বড়পর্দায় কেইলির অভিষেক হয়। সিনেমাটিতে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন, যে স্কাল আইল্যান্ডের এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু এবং সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে তাকে দেখা যায়। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin