
ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৯ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, নির্বাচিত এই স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। বর্তমানে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই বৈঠকে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সম্ভাব্য দুর্যোগকালীন সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি ঢাকায় মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্র (এইচএসএ) প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন।
আপনার মতামত লিখুন :