Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের মূল্যায়ন জানালেন পেপ গার্দিওলা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ /
বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের মূল্যায়ন জানালেন পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে গত জুনে সরে দাঁড়ানোর পর বর্তমানে কোচিংয়ের বাইরে সময় কাটাচ্ছেন পেপ গার্দিওলা। এক দশকের সফল অধ্যায় শেষ করা এই স্প্যানিশ কোচ আসন্ন বিশ্বকাপ ফাইনাল নিয়ে তার নিজস্ব মূল্যায়ন তুলে ধরেছেন। রোববার রাতে নিউজার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে তার দেশ স্পেনের মুখোমুখি হবে সাবেক শিষ্য লিওনেল মেসির আর্জেন্টিনা।

ফাইনাল নিয়ে কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থনের কথা না জানালেও গার্দিওলা বলেন, বিশ্বকাপে তিনি কোনো নির্দিষ্ট দলের সমর্থক ছিলেন না, তবে পছন্দের খেলোয়াড়দের দলের প্রশংসা করেছেন এবং তাদের উৎসাহ দিতে পেরে খুশি হয়েছেন। তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সেখানে এমন খেলোয়াড় আছে যাদের তিনি চেনেন, একই কথা ফ্রান্স বা পর্তুগালের ক্ষেত্রেও প্রযোজ্য।

স্পেনের সম্ভাবনা নিয়ে আশাবাদী গার্দিওলার মতে, মাঝমাঠে রদ্রি ও পেদ্রি যদি তাদের মানের সঠিক প্রতিফলন ঘটাতে পারেন এবং লামিন ইয়ামাল তার সেরাটা দিতে পারেন, তবেই স্পেন পার্থক্য গড়ে দিতে সক্ষম হবে। ইনজুরির কারণে ইয়ামাল কিছুটা শারীরিকভাবে পিছিয়ে থাকলেও তার অবিশ্বাস্য দক্ষতা ও দাপুটে মানসিকতা ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে তিনি মনে করেন।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাফল্যের মূল কারণ হিসেবে তিনি লিওনেল মেসির ফর্মকে উল্লেখ করেন। গার্দিওলার মতে, মেসি তার সেরা ফর্মে আছেন এবং যেকোনো পরিস্থিতি বদলে দেওয়ার সক্ষমতা তার আছে, যা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেবে।

কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রসঙ্গে ৫৬ বছর বয়সী এই কোচ জানান, বার্সেলোনায় ৩৭ বছর বয়সে শুরু করার পর এখন তার নতুন কিছু করার প্রয়োজন আছে। আপাতত পর্দার আড়ালে থাকতে চাইলেও ইতিহাদ স্টেডিয়ামে একদিন ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ছাড়া ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ক্লপ মাত্র ২০ মিনিটেই ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখতেন, যা তাকে সবসময় ভাবাতো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor