
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং এবং পেশীশক্তির অপব্যবহারের মতো সামাজিক অপরাধ দমনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে টোরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাউন্সিলর প্রার্থী মো. মাঈনুদ্দিন মিয়াজী। সমাজসেবক মো. জামাল মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমাজসেবক মো. কবির হোসেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর মো. এমরান মুন্সী, মো. শফিকুল ইসলাম, সোহেল রানা, মো. সেলিম এবং মো. মহসীনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদকসহ নানাবিধ সামাজিক অপরাধ বর্তমান সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনপ্রতিনিধি, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। সভায় এলাকার মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও ইভটিজিং পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :