Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ /
বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকা ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে এখন ইতিহাসের নতুন কিছু অধ্যায় লেখার হাতছানি। শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের দিক থেকেও তিনি রয়েছেন অনন্য উচ্চতায়।

চলমান বিশ্বকাপে মেসির পারফরম্যান্স তাকে গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং ব্যালন ডি'অরের দৌড়ে অন্যতম শীর্ষ দাবিদার করে তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান কালশির তথ্য অনুযায়ী, গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসির সম্ভাবনা রয়েছে ৫৯ শতাংশ।

তবে গোল্ডেন বুটের লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে কিলিয়ান এমবাপে নিজের মোট গোলসংখ্যা ১০-এ নিয়ে গেছেন, সেই সঙ্গে তার রয়েছে চারটি অ্যাসিস্ট। বিপরীতে মেসির গোল সংখ্যা আটটি এবং অ্যাসিস্টের সংখ্যাও চারটি। ফলে বিশ্বকাপের ফাইনালে অন্তত দুই গোল করতে পারলে এমবাপেকে টপকে প্রথমবারের মতো গোল্ডেন বুট জয়ের সুযোগ তৈরি হবে মেসির সামনে।

এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও মেসির ক্যারিয়ারে গোল্ডেন বুট জয়ের কোনো নজির নেই। তাই ফাইনালে ভালো পারফরম্যান্স শুধু আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার কাছাকাছিই নিয়ে যাবে না, বরং মেসির ব্যক্তিগত অর্জনের তালিকাও আরও সমৃদ্ধ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin