
দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গত এলাকার মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি জরুরি ভার্চুয়াল সভা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই সভায় বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা বজায় রাখার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ সাত দফা বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং দেশের সব সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগ দেওয়া হবে। তারা কন্ট্রোল রুম ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করবেন এবং তাদের মোবাইল নম্বর সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে। বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আক্রান্ত সব এলাকা ও জেলায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করতে বলা হয়েছে।
এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে নিয়মিত প্রেস ব্রিফিং বা প্রেস নোটের মাধ্যমে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১২ জুলাই বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে একটি জরুরি প্রেস ব্রিফিং আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বন্যাকবলিত উপজেলাগুলোতে জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে হবে। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সব উপজেলায় পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে সমন্বয়ের মাধ্যমে এই সরবরাহ নিশ্চিত করতে হবে।
গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, এক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। বন্যাকবলিত এলাকায় চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে এবং প্রয়োজনে তাদের ছুটি বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনার বাস্তবায়নে সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :