Facebook Twitter Instagram YouTube

লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
লোহিত সাগরে সৌদি আরবের দুটি ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। 'এনসেলিয়া' ও 'লায়লা' নামের এই দুটি ট্যাংকারকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সমন্বিত এই হামলা চালানো হয়।

বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এই সমন্বিত হামলায় দুটি জাহাজেই আগুন ধরে গেছে। হুতিরা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, গত ১২ বছর ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরব যে অন্যায্য অবরোধ জারি রেখেছে, এটি তারই পাল্টা জবাব। তারা আরও ঘোষণা দিয়েছে যে, এখন থেকে সৌদি আরবের ওপরও একইভাবে নৌ-অবরোধ আরোপ করা হলো।

চলতি সপ্তাহেই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল। সে সময় তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদির কোনো জাহাজকে আসা-যাওয়া করতে দেওয়া হবে না। যারা এই পথ ব্যবহারের চেষ্টা করবে, তাদের কঠোর হামলার মুখোমুখি হতে হবে বলেও তারা সতর্ক করেছিল।

এদিকে, হুতিদের দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও)। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন ধরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়ার বিষয়টি বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh