
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশ এখন সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে যাচ্ছে। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ব্রিফিংয়ের শুরুতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক জোরদারে দিল্লি এবং ঢাকার মধ্যকার সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রয়েছে। এ সময় সাংবাদিকরা বাংলাদেশ সরকার কর্তৃক ভারতে নতুন দুজন প্রেস কর্মকর্তা নিয়োগের বিষয়টি তুলে ধরে এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান জানতে চান।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একত্রে কাজ করার জন্য আমরা সম্পূর্ণ উন্মুখ হয়ে আছি।”
একই ব্রিফিংয়ে গৌতম লাহিড়ী নামক এক সাংবাদিক মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুললে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান যে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর কিংবা তার উদ্দেশ্য সম্পর্কে এই মুহূর্তে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো কূটনৈতিক তথ্য নেই।
আপনার মতামত লিখুন :