
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আনুষ্ঠানিকভাবে তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এই নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশে এডিবির কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেবেন, যা ব্যাংকটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি।
নতুন এই দায়িত্বে চিংফেং ঝাং বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নের ক্ষেত্রেও তিনি দিক-নির্দেশনা দেবেন। নিজের নতুন দায়িত্ব সম্পর্কে ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এডিবির কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গৌরবের। তিনি আরও জানান, গত কয়েক দশকে বাংলাদেশ সফলভাবে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এডিবি মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
টেকসই উন্নয়নে চিংফেং ঝাংয়ের ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ২০ বছরের বেশি সময় তিনি এডিবিতে কাজ করেছেন। অতীতে তিনি কৃষি, খাদ্য ব্যবস্থা, পানিসম্পদ, পরিবেশ এবং গ্রামীণ উন্নয়ন খাতে কৌশলগত উদ্যোগ ও রূপান্তরমূলক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান এই নিয়োগের আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চীনের নাগরিক চিংফেং ঝাং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে বিশেষায়িত পেশাগত শিক্ষা সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালে এডিবিতে যোগ দেয় বাংলাদেশ। ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের প্রকল্প অর্থায়ন ও অনুদানের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার। এ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে এডিবি প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য দেশের সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
আপনার মতামত লিখুন :