Facebook Twitter Instagram YouTube

খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ /
খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর গুলির ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাজমুল (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি বাড়ির গলিতে গিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত হামলাকারী বা ঘটনার পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ওই একই এলাকায় রাজমিস্ত্রি মো. মনজুরুল ইসলাম (২৩)-এর ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী আলামিন হাসান সাইফির নেতৃত্বে কালা রায়হান, শামীম ও ফারদিনসহ ৮-১০ জন সন্ত্রাসী সুজন হাওলাদারের চায়ের দোকানের সামনে মনজুরুলের ওপর গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তের জন্য কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh