
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি মাছবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের বাসিন্দা নুরু মিয়া (৬০) এবং তার স্ত্রী আনোয়ারা (৫৮)। দুর্ঘটনাকালে অটোরিকশায় থাকা তাদের মেয়ে মারজিয়া খাতুনসহ জাহাঙ্গীর ও মাহিম নামে আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে মারজিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কিশোরগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং নুরু মিয়া ও তার স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাওহীদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :