
বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত নতুন পদ ও স্থানে দায়িত্ব পালন করতে হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ ও ২৯ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পরদিন থেকে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে পদায়ন করা হয়েছে। এছাড়া, বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।
অপর দুটি পৃথক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :