Facebook Twitter Instagram YouTube

জীবননগরে বিএসএফের পুশইন করা পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ /
জীবননগরে বিএসএফের পুশইন করা পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজন ব্যক্তিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকাল ৬টার দিকে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

স্থানীয়দের নজরে পড়লে তারা ওই পাঁচ ব্যক্তিকে আটক করেন এবং পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরিচয়, নাগরিকত্ব এবং তারা কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আটক পাঁচজন হলেন আবদুস শুকুর খান, শারমিন আক্তার রুমি, হামিদা, নয়ন ও নিয়ান। এর মধ্যে নিয়ান ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এদিকে, স্থানীয় পর্যায়ে অভিযোগ উঠেছে যে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুইজন ব্যক্তি সীমান্ত পারাপারে সহযোগিতা করে থাকেন, তবে এই তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তার কাছে এখনো কোনো তথ্য নেই এবং তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh