
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসকগোষ্ঠীর গোপন লেনদেন ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণের নানা তথ্য উঠে এসেছে অভিজ্ঞ সাংবাদিক ম্যাথিউ কোলের নতুন একটি বইয়ে। ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদের সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’ শীর্ষক বইটিতে আমিরাতের রাজপরিবারের ক্ষমতার লড়াই, ব্ল্যাকমেইল, নির্যাতন, যৌনতা ও ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের নানা চাঞ্চল্যকর বিবরণ দেওয়া হয়েছে।
বইটির অন্যতম বড় দাবি হলো, সৌদি আরব ও আমিরাত সরকার জ্যারেড কুশনারকে প্রায় ২ বিলিয়ন ডলার দিয়েছিল। এই তহবিলের ৭৫০ মিলিয়ন ডলার আমিরাতের একটি দাতব্য সংস্থা ‘ওয়াতানি আল এমারাত ফাউন্ডেশন’-এর মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে জমা রাখা হয়। নাগরিক উন্নয়ন কর্মসূচির নামে এ অর্থ দেওয়ার কথা বলা হলেও তা মূলত আমিরাতের অস্ত্র কেনা এবং গোপন সামরিক অভিযানে খরচ করা হয়েছে বলে লেখক দাবি করেছেন। তবে বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করা কুশনার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, নতুন বছরে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণে এলে এসব অভিযোগের তদন্ত হওয়া উচিত। বইয়ের তথ্যসূত্রগুলোর নাম প্রকাশ করা হয়নি এবং আমিরাত ও সৌদি রাজপরিবারও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বইয়ের দাবিগুলো তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে বইটিতে দাবি করা হয়, ১৯৯০-এর দশকে আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদের একটি সমকামী যৌন সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করান। খলিফাকে পারিবারিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা করতে রুশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভিডিওটি তাদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতানের কাছে পাঠানো হয়েছিল। লেখক এটিকে মোহাম্মদ বিন জায়েদের একচ্ছত্র ক্ষমতা দখলের প্রথম দিকের কৌশল হিসেবে উল্লেখ করেছেন।
ইসরাইলের সঙ্গে আমিরাতের গোপন সামরিক যোগাযোগের তথ্যও উন্মোচিত হয়েছে এ বইয়ে। ১৯৯৮ সালে মোহাম্মদ বিন জায়েদ তার বাবাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরাইলি সফটওয়্যারযুক্ত নতুন এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরামর্শ দেন। পরবর্তীতে আমিরাত ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয়। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের মধ্যস্থতায় আমিরাত ও ইসরাইলের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই অস্ত্র চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ন হবে কি না তা নিয়ে আলোচনা হয়েছিল।
বইটিতে ২০১৯ সালে আমিরাতের প্রভাবশালী কবি হাবিব আল সায়েগকে নির্যাতন করে হত্যার চাঞ্চল্যকর অভিযোগও করা হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে ‘ইসরাইল ইজ আওয়ার রিয়েল এনিমি অ্যান্ড আ ডেঞ্জারাস প্রজেক্ট’ শিরোনামে নিবন্ধ লেখার পর তাকে তার বসতবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়। তিন দিন ধরে নির্মম নির্যাতনের পর তার মৃত্যু হয়। সেখানে বলা হয়, নিরাপত্তাকর্মীরা প্লায়ার্স দিয়ে তার দাঁত উপড়ে ফেলেন এবং ধাতব বাকেলযুক্ত বেল্ট দিয়ে তার ওপর নির্যাতন চালান।
এ ছাড়া ট্রাম্প প্রশাসনের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব জ্যারেড কুশনার ও টম ব্যারাকের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে বিস্তারিত তথ্য রয়েছে বইটিতে। বর্তমানে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইরাক-সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক মধ্যপ্রাচ্যের পুনর্বাসনে সৌদি ও আমিরাতের অর্থায়নে মার্সাল প্ল্যানের ধাঁচে একটি মহাপরিকল্পনা প্রস্তাব করেছিলেন। কিন্তু কুশনার তাকে কেবল মিশরসংক্রান্ত দায়িত্বেই সীমাবদ্ধ রাখেন। ২০১৭ সালে সৌদি আরব ও আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করলে এ দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হয়; কুশনার এ অবরোধের পক্ষে অবস্থান নিলেও ব্যারাক তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে একমত হয়ে ট্রাম্পকে এ পদক্ষেপ থেকে দূরে থাকার পরামর্শ দেন। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের রাজপরিবারগুলোর ক্ষমতার লড়াই ও মার্কিন নীতি নির্ধারণে উপসাগরীয় প্রভাবের নানা দিক তুলে ধরা হলেও বইটির এসব অভিযোগের নিরপেক্ষ সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
আপনার মতামত লিখুন :