
বিশ্ব তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানসহ সারা বিশ্বের আলেম-উলামা, তাবলিগের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
মরহুম মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজসহ বিশ্ব তাবলিগ জামাতের আলমি শুরার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান। বাবু বশির সাহেব একসময় বাংলাদেশে তাবলিগের মেহনতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পারিবারিক সূত্র ও সংশ্লিষ্টদের মতে, দ্বীনের কাজের জন্যই তাঁর বাবা তাঁকে ওয়াকফ করে দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে রায়বেন্ড মারকাজের এই প্রবীণ মুরব্বি দাওয়াত ও তাবলিগের কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন।
শিক্ষাজীবনে মাওলানা এহসানুল হক ভারতের সাহারানপুরের ঐতিহ্যবাহী মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে অধ্যয়নকালে তিনি মাওলানা হারুন সাহেবের সহপাঠী ছিলেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর সান্নিধ্যে থেকে হাদিস শিক্ষা করেন এবং দীর্ঘদিন তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন। ছাত্রাবস্থায় তাঁর ইলমি ও রুহানি যোগ্যতায় সন্তুষ্ট হয়ে মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাঁকে খেলাফত দান করেছিলেন।
পড়াশোনা সম্পন্ন করার পর তৎকালীন আলেমদের প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন। চিল্লার নির্ধারিত মেহনত শেষে ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং সেখানে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এ সময় মাওলানা হারুন সাহেবের সঙ্গেও তিনি শিক্ষকতা করেছিলেন। পরবর্তীতে মাওলানা ইউসুফ সাহেব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে যান এবং সেখানে দাওয়াতি কাজের পাশাপাশি মারকাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তাবলিগের মেহনতের পাশাপাশি মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গেও তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীর্ঘ ইলমি জীবন এবং প্রবীণ আলেম ও মুরব্বিদের সান্নিধ্যে থাকার কারণে তাবলিগ জামাতের অঙ্গনে তিনি অত্যন্ত সম্মানিত ও সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর এই চলে যাওয়ায় বিশ্বজুড়ে দাওয়াত ও তাবলিগের কাজে নিয়োজিত তাঁর দ্বীনি সাথী ও অনুসারীরা একজন অভিভাবকতুল্য প্রবীণ মুরব্বিকে হারালেন।
আপনার মতামত লিখুন :