Facebook Twitter Instagram YouTube

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ /
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধর্মীয় রীতি অনুযায়ী এই তারিখের চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হিজরি ক্যালেন্ডার চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান মাস চলতি বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাবমতে, ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। যদি ওই সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে সে রাতেই প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

ইসলামী শরীয়াহ অনুযায়ী রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে এবং মাসের শেষ দিনটি শাওয়ালের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে রমজান শুরুর মতোই ঈদ কবে হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার ওপরই নির্ভর করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din