
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে অধিদপ্তর স্পষ্ট করেছে যে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
একই সময়ের ব্যবধানে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ জন শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং ৮১৫ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ জন। গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩ জন। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আপনার মতামত লিখুন :