Facebook Twitter Instagram YouTube

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ /
মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ চঞ্চল নামের একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫), যিনি মৃত শাহজাহান বেপারীর ছেলে। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে এবং তিনি কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। আহত দুজন হলেন যুবদলের কর্মী মনির হোসেন (৩২) ও স্থানীয় কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ ও মনির মিরপুর ১৩ নম্বরের ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের পাশে আড্ডা দিচ্ছিলেন। এসময় চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিল। তাদের উপস্থিতির কারণ জানতে চাইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর ইউসুফকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানিয়েছেন, এই হামলায় মোট চারজন অংশ নিয়েছিল। ঘটনার পর চঞ্চল নামের একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে এবং বাকি তিনজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh