Facebook Twitter Instagram YouTube

ডিউটি ফাঁকি দিয়ে ক্লিনিকে রোগী দেখছেন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ / ০
ডিউটি ফাঁকি দিয়ে ক্লিনিকে রোগী দেখছেন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা

ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দালালচক্র ও অবৈধ ক্লিনিক বাণিজ্য। অভিযোগ উঠেছে যে, হাসপাতালের চিকিৎসকরা সরকারি কর্মঘণ্টায় ডিউটি ফাঁকি দিয়ে বাইরের প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছেন। একই সময়ে হাসপাতাল চত্বরে সক্রিয় দালালচক্র দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভয় ও প্রলোভন দেখিয়ে মানহীন বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছে, যার ফলে রোগীরা আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়মিত চুরির ঘটনাও হাসপাতালটির নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, মিটফোর্ড হাসপাতালের ১৫ থেকে ২০০ গজের মধ্যে প্রায় ১৫-২০টি এবং কোতোয়ালি-চকবাজার এলাকায় অর্ধশতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ভিক্টোরিয়া হাসপাতাল, মেডিসান হেলথ কেয়ার, ডক্টরস ক্লিনিক, আল আরাফাত, বাঁধন, ম্যাক্স এইড, নিউ ঢাকা মডার্ন, ঢাকা হাসপাতাল, মুনলাইট, ইস্টার্ন ডায়াগনস্টিক ও মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতাল উল্লেখযোগ্য। এসব ভবনের বেশির ভাগই নিচে দোকান ও কেমিক্যাল গোডাউন এবং ওপরে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করছে। অধিকাংশ প্রতিষ্ঠানের নেই পর্যাপ্ত ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, টেকনিশিয়ান কিংবা বর্জ্য ব্যবস্থাপনা। এসব ক্লিনিকে প্রচারসামগ্রী ও চিকিৎসক তালিকায় প্রায়ই মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকদের নাম ব্যবহার করা হয়, যা রোগীদের মধ্যে আস্থা তৈরিতে সাহায্য করে।

গত বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে মিটফোর্ড হাসপাতালের বহির্বিভাগের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. তানভীরকে হাসপাতালের পাশের ‘ডক্টরস ক্লিনিক অ্যান্ড হাসপাতালে’ রোগী দেখতে পাওয়া যায়, অথচ সেই সময় তার হাসপাতালেই ডিউটিতে থাকার কথা ছিল। একই সময়ে শিশু বিভাগের চিকিৎসক প্রদীপ মালাকারসহ মেডিসিন বিভাগের আরও তিন চিকিৎসককেও ওই ক্লিনিকে দেখা যায়। স্থানীয়দের দাবি, দালালরা রোগী সংগ্রহের পর কল দিলেই চিকিৎসকরা চা-শিঙাড়া খাওয়ার অজুহাতে ডিউটি ফেলে ক্লিনিকে ছোটেন।

মুন্সীগঞ্জের আব্দুল মজিদ (৭৫) নামের এক রোগী জানান, পিত্তথলির পাথর ও তলপেটের ব্যথার চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে এসে দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। দ্রুত চিকিৎসার প্রলোভন দেখিয়ে তাকে মেডিসান ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে অপ্রয়োজনীয় প্যাথলজিক্যাল টেস্ট করিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়। তার মতো শত শত দরিদ্র রোগী একইভাবে প্রতারিত হচ্ছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতা ও নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, অফিস সময়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা ১৯৮২ সালের ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিনেন্স’-এর ৪ নম্বর ধারার স্পষ্ট লঙ্ঘন। এতে রোগীদের হয়রানি বাড়ছে এবং চিকিৎসকদের বদনাম হচ্ছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম এ রুস্তম জানান, অফিস চলাকালীন চিকিৎসকদের বাইরে রোগী দেখার বিষয়টি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দালাল ও চুরি প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে, তবে চোররা স্বজন সেজে ভেতরে ঢোকায় আনসারদের পক্ষে তাদের শনাক্ত করা কষ্টকর হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor