Facebook Twitter Instagram YouTube

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ড্রাগনভ রাইফেলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ /
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ড্রাগনভ রাইফেলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি ড্রাগনভ রাইফেল, পিস্তল ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। মিয়ানমার থেকে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এসব অস্ত্র আনা হচ্ছিল বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র পাচার করবে। এই তথ্যের ওপর ভিত্তি করে টেকনাফ স্টেশন কোস্ট গার্ড বুধবার মধ্যরাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নদী দিয়ে আসা একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে নৌকার আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে। এরপর কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে চক্রের সদস্যরা নৌকাটি ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত নৌকাটিতে তল্লাশি চালায় কোস্ট গার্ডের দল। এ সময় নৌকার জালের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ম্যাগাজিনসহ ১টি বিদেশি এসভিডি ড্রাগনভ (SVD Dragunov) রাইফেল, ম্যাগাজিনসহ ১টি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও কাঠের নৌকাটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh