
বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবার নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন। অস্কারজয়ী বিখ্যাত অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘ব্লু ফ্লাই’ নামের নতুন একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমায়। আলোচিত এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘প্রিডেটরস’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত নির্মাতা নিমরোড আনতাল।
হলিউডের বিগ বাজেটের এই সিনেমাটির পটভূমি তৈরি হচ্ছে কঙ্গোকে কেন্দ্র করে। এর গল্পে দেখা যাবে এক শোকাহত জাতিসংঘ অনুবাদককে, যিনি একটি গোপন মিশনে জড়িয়ে পড়েন। একটি রহস্যময় নিখোষ বিমান উদ্ধারের জন্য তিনি স্পেশাল অপারেশন দলের সঙ্গে বিপজ্জনক এলাকায় রওনা হন, যা পরবর্তীতে চরম উত্তেজনাকর মোড় নেয়। হাইল্যান্ড ফিল্ম গ্রুপের সিইও আরিয়ান ফ্রেজার এই কাস্টিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘গ্ল্যাডিয়েটর’ তারকা রাসেল ক্রো এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো দুর্দান্ত কাস্টিং এই থ্রিলারকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। এই দুই তারকার নতুন রসায়ন দেখার জন্য বিশ্বজুড়ে সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সাম্প্রতিক সময়ে একের পর এক বড় বাজেটের প্রজেক্টে যুক্ত হয়ে প্রিয়াঙ্কা বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছেন। চলতি বছরে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া তার ‘দ্য ব্লাফ’ বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে এবং শীর্ষস্থান দখল করে নেয়। এই সিনেমার জন্য তিনি ২০২৬ ক্রিকটিকস চয়েস সুপার অ্যাওয়ার্ডসে সেরা অ্যাকশন অভিনেত্রীর মনোনয়ন পান। এছাড়া তার ‘হেডস অব স্টেট’ ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভির মনোনয়ন পেয়েছে। কিছুদিন আগেই অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘রিসেট’ নামের একটি সারভাইভাল থ্রিলারে কাজের ঘোষণা দিয়েছেন তিনি।
হলিউডে তুমুল ব্যস্ততার মাঝেও নিজের মাটির প্রতি টান বিন্দুমাত্র কমেনি এই তারকার। এস এস রাজামৌলির বিশাল ক্যানভাসের প্যান-প্যাসিফিক সিনেমা ‘বারাণসী’-তে মহেশ বাবুর সঙ্গে তাকে দেখা যাবে। সিনেমাটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :