
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারতের মাটি থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত রাখতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার এই বিষয়ে আগে আশ্বাস প্রদান করলেও সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী তার কোনো কার্যকর বাস্তবায়ন দেখা যায়নি। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার দাবি জানান। একই সঙ্গে, ভারত সরকারকে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য রাজি করাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বক্তব্য দেশের কিছু গণমাধ্যম প্রচার করেছে, যা সরকারের দেওয়া প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক। এই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
এনসিপির মুখপাত্র সরকারের বর্তমান কূটনৈতিক প্রতিবাদকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন। তিনি ভারতের হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। আসিফ মাহমুদ জোর দিয়ে বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দায়িত্বে এসেছে, তাই সেই গণঅভ্যুত্থানের চেতনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।
আপনার মতামত লিখুন :