
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে। তবে এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই এবং তার প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো সাফ জানিয়ে দিয়েছে, তাদের আন্দোলন প্রত্যাহারের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। কিন্তু সরকারের অবস্থান এই দাবির বিপরীতে অনড়। সরকারের এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, পদত্যাগ গ্রহণ করা হয়তো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারত, কিন্তু জনগণের দেওয়া দায়িত্ব পালনের লক্ষ্যে তারা সমস্যার সমাধান করতেই বেশি আগ্রহী।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করলেও পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র কার্যক্রমে থাকা ত্রুটি ও দুর্বলতাগুলো দূর করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্র জানিয়েছে, এনটিএর সমস্যা ও ত্রুটিগুলো চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হচ্ছে এবং এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।
পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলেও সরকার দাবি করেছে। সংশ্লিষ্ট নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :