Facebook Twitter Instagram YouTube

বাঁশখালীতে রোববার আসছেন প্রধানমন্ত্রী, বরণে প্রস্তুত বানভাসি মানুষ


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ /
বাঁশখালীতে রোববার আসছেন প্রধানমন্ত্রী, বরণে প্রস্তুত বানভাসি মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বাঁশখালী তথা চট্টগ্রাম সফর। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রোববার দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় পৌঁছাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। এ সময় তিনি স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার মাধ্যমে প্রতীকীভাবে ১০০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম শুরু করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে গত বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এস কে কেবি কনভেনশন হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

লায়ন হেলাল উদ্দিন বলেন, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালী আগমন স্থানীয়দের জন্য আবেগ ও গৌরবের বিষয়। মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা জানান, প্রধানমন্ত্রীর এই সফর বাঁশখালীর জন্য একটি ঐতিহাসিক আয়োজন। কর্মসূচির সফলতার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh