Facebook Twitter Instagram YouTube

নবীনগরে তিতাস নদীতে বজ্রপাতে বালু শ্রমিকের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ /
নবীনগরে তিতাস নদীতে বজ্রপাতে বালু শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে বজ্রপাতে সুমন মিয়া (৩২) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোসাইপুর ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লা বাড়ির হাজী নুর ইসলামের ছোট ছেলে ছিলেন। তিনি পেশায় একজন বালু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরে সুমন মিয়া গোসাইপুর এলাকায় বালু খালাস শেষে নৌকাযোগে ফিরছিলেন। ফেরার পথে তিতাস নদীতে আকস্মিক বজ্রপাত শুরু হলে সুমন মিয়া গুরুতর আহত হন। নৌকায় থাকা তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh