
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো 'ফেরেশতাদের দল' নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।' তিনি আরও স্পষ্ট করেন যে, দলের সদস্যদের ভুল, অন্যায় কিংবা অপরাধ হতে পারে এবং এক্ষেত্রে দেশবাসীর প্রতি তাদের আহ্বান হলো, কারো কোনো অন্যায় নজরে পড়লে তা যেন দলটিকে জানানো হয়। তিনি অঙ্গীকার করেন, অভিযোগ প্রমাণিত হলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।
দলের নেতাকর্মীদের নৈতিকতার বিষয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, 'আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।'
তিনি জানান, কোনো সদস্যের ভুল বা শৃঙ্খলাভঙ্গ যদি সহনীয় মাত্রায় থাকে, তবে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজনে পুনরায় দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অপরাধ গুরুতর হলে দলের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, 'আমরা সংশোধনের চেষ্টা করব। কিন্তু লঙ্ঘনের মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এই বার্তা শুধু অন্যদের জন্য নয়, আমার নিজের জন্যও। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সাবধান, সবাই সাবধান।'
আপনার মতামত লিখুন :