Facebook Twitter Instagram YouTube

কাঞ্চনের শুটিং ব্যস্ততায় একাকী রথযাত্রার আয়োজন শ্রীময়ীর


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ /
কাঞ্চনের শুটিং ব্যস্ততায় একাকী রথযাত্রার আয়োজন শ্রীময়ীর

রথযাত্রা উপলক্ষে সারা দেশে সাজ সাজ রব থাকলেও, অভিনেতা কাঞ্চন মল্লিকের বাড়িতে এ বছর কিছুটা মন খারাপের সুর। প্রতি বছর কাঞ্চন ও শ্রীময়ী মিলে বাড়িতে পূজার আয়োজন করলেও, এবার শুটিংয়ের ব্যস্ততায় কাঞ্চন বাড়িতে থাকতে পারেননি। গণমাধ্যমের সাথে আলাপকালে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানান, গত রাতেও শুটিং শেষ করে কাঞ্চন রাত দেড়টায় বাড়ি ফিরেছেন। তাই এবার পূজার যাবতীয় দায়িত্ব একাই সামলাতে হয়েছে তাকে।

শ্রীময়ী জানান, বাড়িতে ঠাকুরমশাই আসার কথা রয়েছে। জগন্নাথ দেবকে তিনি নতুন পোশাক ও পাগড়ি পরিয়ে সাজিয়েছেন। প্রতি বছরের মতো এবারও ঠাকুরকে গহনা পরানো হয়েছে। তবে একা হাতে সব আয়োজন করতে গিয়ে অন্নভোগ রান্না করা সম্ভব হয়নি বলে কিছুটা আক্ষেপ শোনা গেল তার গলায়। এর পরিবর্তে তিনি জিভেগজা, খাজা ও ক্ষীরের মিষ্টি কিনে এনেছেন এবং বাড়িতে মালপোয়া ও পায়েস তৈরি করেছেন।

রথযাত্রার দিন সকাল থেকেই প্রচুর বৃষ্টি হওয়ায় কৃষভিকে নিয়ে বাইরে বেরোনোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে। শ্রীময়ী বলেন, কাঞ্চন থাকলে পাড়ায় বের হতাম, মেয়ে বাঁশি বাজাত এবং রথ টানত। তবে বৃষ্টির কারণে ঘরেই রথ সাজিয়ে কৃষভিকে নিয়ে সময় কাটিয়েছেন তিনি। ছোট্ট কৃষভি নতুন জামা পরে সারাবাড়ি রথ টেনেছে এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে। সব মিলিয়ে, কাঞ্চনের অনুপস্থিতি সত্ত্বেও কৃষভির আনন্দেই রথযাত্রার দিনটি উপভোগ করেছেন শ্রীময়ী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh