Facebook Twitter Instagram YouTube

শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করল সরকার


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ /
শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করল সরকার

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। ঘটনার প্রায় দেড় মাস পর শর্তসাপেক্ষে লাইসেন্সটি ফিরিয়ে দেওয়ার ফলে প্রতিষ্ঠানটি পুনরায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের কাছে আপিল করেছিল। সেই আপিলের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করলে, তা সন্তোষজনক বিবেচনায় লাইসেন্স বাতিলের আগের আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

তবে হাসপাতালটি পুনরায় চালু হলেও তাদের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৯৮২ সালের 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স'-এর সকল বিধান যথাযথভাবে অনুসরণ করা। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

প্রজ্ঞাপনে আরও সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin