Facebook Twitter Instagram YouTube

ভ্যাপসা গরমে অস্বস্তি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ /
ভ্যাপসা গরমে অস্বস্তি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে আজও ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।

এদিকে শুক্রবার রাতে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin