
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে এবং পরবর্তীতে ধীরে ধীরে গতি ফিরবে। এর মাধ্যমে বাংলাদেশ প্রবৃদ্ধির এক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের’ আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি দেশের প্রথম সরকারি উদ্যোগ যেখানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের সরাসরি যুক্ত করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, তা পুনরুদ্ধারের পথ তৈরি হচ্ছে। বর্তমানে আমরা একটি জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি। এছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে ইতিবাচক ধারায় ফিরবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জন গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাকে মোট ২৩ কোটি টাকার অর্থসহায়তা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের ৭০ লাখ থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে, যা তারা শিল্পের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যয় করবেন।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, শিল্পের উদ্ভাবনী সমাধানের জন্য মোট ১২৩টি প্রস্তাব থেকে ১২টি প্রকল্প বাছাই করা হয়েছে। নির্বাচিত গবেষকরা এক বছর ধরে তাদের গবেষণা পরিচালনা করবেন। তিনি গণমাধ্যমকে জানান, প্রতিটি প্রকল্পের উদ্ভাবক আগে থেকেই সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন এবং তাদের ধারণাপত্রের ভিত্তিতে প্রকল্পগুলো চূড়ান্ত করা হয়েছে। এক বছরের গবেষণা শেষে এসব উদ্ভাবনী সমাধান সরাসরি শিল্পে প্রয়োগ করা হবে। প্রকল্পগুলোর মধ্যে ছোট হিমাগার থেকে মাছের খাবার তৈরির যন্ত্র এবং ফেলে দেওয়া সুতা থেকে প্যাকেজিং সামগ্রী তৈরির মতো উদ্ভাবনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :