Facebook Twitter Instagram YouTube

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ ব্যাহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ /
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ ব্যাহত

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইন ভাঙা দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তারা দ্রুত মেরামতের কাজ শুরু করেন।

এই ঘটনার ফলে পাশের লালপুর উপজেলার আব্দুলপুর এবং রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। এর মধ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। মেরামতের কাজ শেষে সকাল সাড়ে ৮টা থেকে ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন আব্দুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মাসুদ রানা।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, আপাতত ভাঙা অংশটি দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানান, কোনো দুষ্কৃতকারীর কারণে এই ঘটনা ঘটেনি। তিনি বলেন, পশ্চিমাঞ্চলের অনেক রেলপাত ৫০ থেকে ৮০ বছর পুরনো। এসব রেলপাতের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ায় এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই ঝুঁকি নিরসনে নিয়মিত পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy