
বাংলাদেশে গ্রিন সার্টিফায়েড শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সংখ্যা অন্তত তিন অঙ্কে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে দেশে এ ধরনের প্রায় ৩১টি ইয়ার্ড চালু রয়েছে এবং আরও কয়েকটি ইয়ার্ড গ্রিন সার্টিফিকেশনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। শিল্প মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার যৌথ উদ্যোগে বাংলাদেশ নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃব্যবহার প্রকল্পের আওতায় টিএসডিএফ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিপ রিসাইক্লিং বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। একসময় টনের হিসাবে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়ে পড়লেও বৈশ্বিক জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশের অবস্থান এখনো বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান রয়েছে এবং দেশের স্টিল শিল্পের কাঁচামালের প্রধান উৎস জাহাজ থেকে পাওয়া স্ক্র্যাপ।
মন্ত্রী আরও বলেন, সরকার আন্তর্জাতিক কনভেনশন ও পরিবেশগত মানদণ্ড অনুসরণের মাধ্যমে এই শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই করতে চায়। গ্রিন সার্টিফায়েড ইয়ার্ডের সংখ্যা শতাধিক করতে কারিগরি ও আর্থিক সহায়তার পাশাপাশি পরিবেশগত মানদণ্ড অনুসরণের বাধ্যবাধকতা কার্যকর করার ওপর তিনি জোর দেন।
জাহাজ ভাঙার সময় বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, যথাযথ ব্যবস্থাপনা না হলে এসব উপাদান পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণেই ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এই টিএসডিএফ বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্যসহ বিভিন্ন উৎসের বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে। এটি বাংলাদেশের শিল্প খাতকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শিল্প সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতও বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :