Facebook Twitter Instagram YouTube

সাগর-রুনি হত্যায় এখনই সন্দেহভাজনদের নাম প্রকাশ করা ঠিক নয়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ /
সাগর-রুনি হত্যায় এখনই সন্দেহভাজনদের নাম প্রকাশ করা ঠিক নয়

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, এমন কোনো সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আনুষ্ঠানিক তদন্ত ও আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারও সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার পরেই কেবল নিশ্চিতভাবে কথা বলা সমীচীন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য পাওয়ার কথা জানানোর পর থেকে বিভিন্ন মহলে অনেকের নাম নিয়ে অনুমান করা হচ্ছে। তবে তদন্তের এই সংবেদনশীল পর্যায়ে কারও নাম প্রকাশ করা উচিত নয় বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক তদন্তের পর যখন সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা চার্জ গঠন করা হবে, তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত। তদন্তে কারও সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেলেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না।

রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে কারও সঙ্গে মতভেদ থাকতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে কারও রাজনৈতিক সক্রিয়তা কারও কাছে গুরুতর অপরাধ মনে হতেই পারে। তবে সেই সক্রিয়তাকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো একটি গুরুতর ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অকাট্য প্রমাণের বিষয়টিই চূড়ান্ত বিবেচ্য হওয়া উচিত। তিনি আরও যোগ করেন, আলোচনায় থাকা ব্যক্তি যদি প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত না হন, তবে তার ওপর অন্যায়ভাবে কোনো অপরাধের দায় চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh