
দেশের সকল শিক্ষা বোর্ড ও প্রশাসনের সাথে আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের সকল কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে। আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা তার ফেসবুক পোস্টে একথা জানান। মাহ্দী আমিন বলেন, দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ চলমান রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, বর্তমানে সারাদেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২,৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য জেলায় পরিস্থিতি অনুকূল থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনকে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বৃদ্ধির মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে পরবর্তীতে অংশগ্রহণের সুযোগ পাবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯৩টি কেন্দ্রের মধ্যে আকস্মিক জলাবদ্ধতার কারণে, মূলত এই একটি কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়ে। ওই কেন্দ্রের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে পূর্ণ সময় নিশ্চিত করা হয়েছিল। কুমিল্লা বোর্ডের বাকি ১৯২টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার প্রেক্ষিতে সবাইকে ফুল মার্কস দেওয়ার বিষয়টি শিক্ষার্থীবান্ধব নীতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। আগামী দিনগুলোতেও বিরূপ আবহাওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল অর্জনে মনোনিবেশ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :