
বলিউড পাড়ায় এখন জম্বি ঘরানার সিনেমার নতুন জোয়ার আসতে চলেছে। রোমান্টিক, অ্যাডভেঞ্চার কিংবা অ্যাকশন ঘরানার চিরাচরিত ধারার বাইরে গিয়ে জম্বি থ্রিলার নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। আগামী বছর বেশ কয়েকটি জম্বি ঘরানার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যেখানে রণবীর সিং ও কার্তিক আরিয়ানের মতো তারকারা একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন।
রণবীর সিং এর আগে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে ইতিহাস গড়েছিলেন। সেই সাফল্যের পর এবার তিনি ‘প্রলয়’ নিয়ে পর্দায় ফিরতে প্রস্তুত। জয় মেহতার পরিচালনায় নোবেলজয়ী লেখক জোসে সারামাগোর ‘ব্লাইন্ডনেস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। আগামী বছরের শেষদিকে এর শুটিং সম্পন্ন হবে বলে জানা গেছে।
তবে রণবীরকে এবার বড় চ্যালেঞ্জের মুখে ফেলছেন কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, বিষ্ণুবর্ধনের পরিচালনায় কার্তিকের একটি নতুন জম্বি থ্রিলার ২০২৭ সালের শুরুর দিকেই মুক্তি পেতে পারে, যা রণবীরের ‘প্রলয়’-এর আগেই থিয়েটারে ঝড় তোলার সম্ভাবনা রয়েছে। ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটির শুটিং আগামী মাসেই শুরু হচ্ছে এবং নির্মাতারা এটি ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
জম্বি ঘরানার এই ট্রেন্ডে কেবল রণবীর বা কার্তিকই নন, আরও অনেকেই শামিল হচ্ছেন। টাইগার শ্রফকে আহমেদ খানের একটি জম্বি-কমেডি সিনেমায় দেখা যাবে। এছাড়া তেজা সাজ্জা ও শানায়া কাপুর ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘জম্বি রেড্ডি’র সিক্যুয়েল নিয়ে আসছেন।
ভারতের দর্শকদের জন্য জম্বি ঘরানা নতুন নয়। ২০১৩ সালে সাইফ আলী খানের ‘গো গোয়া গন’ এবং ২০২০ সালে নেটফ্লিক্সের ‘বেতাল’ দিয়ে এই ধারার সিনেমার সাথে পরিচিত হন দর্শকরা। বর্তমানে ‘ট্রেন টু বুসান’ বা ‘অল অব আস আর ডেড’-এর মতো আন্তর্জাতিক মানের কনটেন্ট দেখে অভ্যস্ত দর্শকদের টানতে নির্মাতারা এখন বিশ্বমানের সিনেমার ওপর জোর দিচ্ছেন। এখন দেখার বিষয়, বলিউডের এই জম্বি মহাযুদ্ধে শেষ হাসি কে হাসেন।
আপনার মতামত লিখুন :