Facebook Twitter Instagram YouTube

ঋণ মওকুফে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান বাংলাদেশের


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ২:০২ অপরাহ্ণ /
ঋণ মওকুফে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান বাংলাদেশের

বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট আর্থিক চাপ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ পুনর্গঠন, ঋণ মওকুফ ও পরিশোধ স্থগিতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে টেকসই ঋণ সমাধানের জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। নিউইয়র্কে ইউনিসেফ হাউসে ইউনিসেফের মানবিক কার্যক্রম ও সরবরাহ কার্যক্রম বিষয়ক উপ-নির্বাহী পরিচালক টেড শাইবান-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. তিতুমীর বলেন, উন্নয়নশীল দেশগুলো যাতে শিশু, নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ অব্যাহত রাখতে পারে এবং একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখতে পারে, সে জন্য এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ জরুরি। তিনি উল্লেখ করেন, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ঋণের বাড়তি বোঝা বাংলাদেশের আর্থিক সক্ষমতার পরিসর উল্লেখযোগ্যভাবে সংকুচিত করেছে। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শনের আলোকে একটি গণতান্ত্রিক মানবকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিও উপস্থিত ছিলেন। ড. তিতুমীর আরও জানান, সরকার সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকবে নারী। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সরকারের প্রস্তাবিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান কার্ড, ওয়ান নম্বর অ্যান্ড ওয়ান ওয়ালেট’ কৌশলের কথা তুলে ধরেন। তিনি জানান, এই কৌশলের মাধ্যমে জন্মনিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি এবং সরকারি সেবায় মানুষের প্রবেশাধিকার আরও সহজ হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে ডিজিটাল প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ ব্যবহারে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক টেড শাইবান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে স্বাগত জানান। বৈঠকে তুলে ধরা অগ্রাধিকারগুলোকে সমর্থন জানিয়ে তিনি শিক্ষা, প্রাথমিক শৈশব উন্নয়ন, পুষ্টি, সামাজিক সুরক্ষা, শিক্ষক সক্ষমতা বৃদ্ধি এবং শিশুকেন্দ্রিক তথ্য ব্যবস্থায় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh