Facebook Twitter Instagram YouTube

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ /
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বটগাছতলা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

আটককৃতরা হলেন রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ব্যাপারি বাড়ির মো. মোক্তারুজ্জামান (৩৫), হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের ব্যাপারি বাড়ির মানিক ব্যাপারি (৩২) এবং রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার মাসুদ (৪০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্চ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ এবং দুটি কোরাবাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিনটি মোবাইল ফোন, দুটি নিক্যাপ, একটি বেডশিটের অংশবিশেষ ও একটি ছেঁড়া লুঙ্গি জব্দ করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh