
দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।
বৈঠকে পোশাক খাতের চ্যালেঞ্জ, পণ্য বৈচিত্র্যকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিজিএমইএ নেতারা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তারা উল্লেখ করেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিকল্প উপায়ে কারখানা চালাতে অতিরিক্ত খরচ বাড়ছে। রপ্তানিমুখী শিল্পের সরকারি সেবা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি ব্যবস্থা চালুরও দাবি জানানো হয়।
সংগঠনটি কাস্টমস বন্ড অডিট সহজীকরণে শীর্ষস্থানীয় অডিট ফার্মের মাধ্যমে বার্ষিক অডিট সম্পন্ন করার স্থায়ী নীতিমালার প্রস্তাব করেছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে একটি অস্থায়ী কার্গো শেড নির্মাণ, গাজীপুরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণে জমি বরাদ্দ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) সহজীকরণ এবং বেনাপোল বন্দরে লজিস্টিকস সেবার মানোন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার বা সার্কুলারিটির বিষয়ে বিজিএমইএ’র উদ্যোগগুলো তুলে ধরা হয়। বিজিএমইএ সভাপতি জানান, বিশ্ববাজারে দেশীয় পোশাক শিল্পের অবস্থান সুদৃঢ় করতে তারা কাজ করছেন। এ সময় বিজিএমইএ নেতারা প্রধানমন্ত্রীকে ২০২৬ সালের নভেম্বরে আয়োজিত ‘বাটেক্সপো ২০২৬’ প্রদর্শনী উদ্বোধনের আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শিল্পের অবদানের প্রশংসা করেন এবং বিজিএমইএ’র দাবিগুলো গুরুত্বের সাথে শোনেন। তিনি শিল্প সুরক্ষায় সরকারের ধারাবাহিক নীতি সহায়তার আশ্বাস দেন। এছাড়া উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা ও সমাধানের জন্য বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং বিজিএমইএ সভাপতির সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :